কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আবুল কাসেম স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় এবারও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এর মধ্য দিয়ে টানা তিন বছর এই শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে এইচএসসি পরীক্ষায় কেউ উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করতে ব্যর্থ হলো। শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।
উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় অবস্থিত এই কলেজটির এমন বিপর্যয়কর ফলাফলে স্থানীয় শিক্ষা ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, পাঠদান কার্যক্রমের চরম অবনতি, নিয়মিত ক্লাস না হওয়া এবং উপযুক্ত শিক্ষক সংকটের কারণেই এমন ফলাফল বারবার আসছে। বিগত বছরগুলোতেও একই চিত্র দেখা গেলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের দায়িত্বশীল কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ফলাফল কেন এমন হলো তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হতে পারে। এই বিপর্যয়ের ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে এবং অভিভাবকরা গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
আরববাংলা টিভি/ডেস্ক