কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপের পাইপ থেকে ভূগর্ভস্থ গ্যাসের আগুন টানা চার দিন ধরে জ্বলছে। গ্যাসের এই অবিরাম নির্গমন বন্ধ না হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং দিন দিন বাড়ছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।
এই পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও সব ধরনের অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাইকিং করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন।
তবে এই নিষেধাজ্ঞা জারির পরেও উৎসুক জনতা দূরদূরান্ত থেকে আগুন দেখতে ভিড় করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৫ দিন পর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সেখানে রিলিফ কূপ খনন করা হবে। এরপরই গ্যাসের এই অনিয়ন্ত্রিত নির্গমন ও আগুন পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক