অক্টোবর মাসজুড়ে পালিত হয় স্তন ক্যানসার সচেতনতা মাস। নারীদের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো রোগ নির্ণয়ের গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম প্রতি বছরই নানা কর্মসূচি গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার এক ব্যতিক্রমী আয়োজন হিসেবে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ নিয়ে দুদিনের সফরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছে সংগঠনটি। এবারের সচেতনতা প্রচারের মূল কেন্দ্রবিন্দু নির্ধারণ করা হয়েছে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ বরিশালকে।
স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এই কার্যক্রমে অংশ নিতে গত ২৩ অক্টোবর ঢাকা থেকে যাত্রা শুরু করেন সংশ্লিষ্ট চিকিৎসাবিজ্ঞানী, গণমাধ্যমকর্মী ও ক্যানসার জয়ী নারীরা। মূলত সাধারণ মানুষের দোরগোড়ায় স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ ও প্রতিকারের বার্তা পৌঁছে দেওয়াই এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য। শোভাযাত্রার পথিমধ্যে বিভিন্ন জনবহুল স্থানে পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আয়োজকরা গণমাধ্যমকে জানান, সচেতনতার অভাবে দেশের অধিকাংশ নারী শেষ পর্যায়ে এসে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন, যা পরবর্তীতে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই সময়মতো রোগ শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে পারলে এই রোগ থেকে পুরোপুরি নিরাময় সম্ভব। দেশব্যাপী এই সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও আরও বৃহত্তর পরিসরে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বলে জানান তারা।
আরববাংলা টিভি/ডেস্ক