বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরো সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজ বুধবার জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রো আয়োজিত এক বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বৈঠকে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বড় পরিসরে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসায়বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে আইটি খাত, অবকাঠামো উন্নয়ন এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে জাপানি বিনিয়োগ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে উপস্থিত জাপানি ব্যবসায়ী ও শীর্ষ নির্বাহীরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ব্যবধান কমিয়ে আনতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এখন সময়ের দাবি। এই লক্ষ্যে জাপানের প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা বাংলাদেশের শিল্প খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি মনে করেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
আরববাংলা টিভি/ডেস্ক