ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়ন পরিষদসহ দৌলতখান উপজেলায় জেলেদের জন্য বরাদ্দের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চরখলিফা ইউনিয়ন পরিষদসহ কয়েকটি পরিষদ ঘুরে দেখা যায়, চাল দেয়ার সময় নিবন্ধনকৃত প্রকৃত জেলেদের বাদ দিয়ে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হচ্ছে। এতে প্রকৃত জেলেরা সরকারি এই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
স্থানীয় গণমাধ্যমকে জানান, সরকারের পক্ষ থেকে নদী রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণের সময়ে জেলেদের যে মানবিক সহায়তা হিসেবে চাল বরাদ্দ দেওয়া হয়, তা সঠিকভাবে বণ্টন করা হচ্ছে না। ওজনে কম দেওয়া এবং কার্ডধারীদের পরিবর্তে অন্য লোকজনকে চাল দেওয়ার মতো গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা মৎস্য অফিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা। পাশাপাশি প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করে সঠিকভাবে চাল বিতরণের জোর দাবি জানিয়েছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক