চট্টগ্রাম নগরীর সিমেন্ট ক্রসিং মোড়ে মাস্টার পিন ভেঙে কাত হয়ে গেছে একটি কন্টেইনারবাহী প্রাইম মোভার। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িটির সামনের ক্যাব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছেন চালক ও সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, রাতে চলন্ত অবস্থায় হঠাৎ করেই বিকট শব্দে প্রাইম মোভারটির মাস্টার পিন ভেঙে যায়। এ সময় গাড়িটি একপাশে হেলে কন্টেইনারসহ রাস্তায় কাত হয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং আশপাশের পথচারীরা দ্রুত এগিয়ে এসে চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
এই দুর্ঘটনার ফলে ব্যস্ততম সিমেন্ট ক্রসিং মোড় এলাকায় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। তবে ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট কতৃপক্ষের তাৎক্ষণিক হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়। এ ধরনের ঝুঁকিপূর্ণ ও ফিটনেসবিহীন ভারী যান চলাচলের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রাইম মোভারটি সরিয়ে নিতে এবং যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করতে উদ্ধারকারী ক্রেন কাজ করছে।
আরববাংলা টিভি/ডেস্ক