সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতারা বলেন, পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের বেআইনি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রকাশ্য ঘোষণা অত্যন্ত উদ্বেগজনক। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের সংস্কৃতি দেশবাসীকে আতঙ্কিত করে তুলেছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু বর্তমান প্রশাসনের দায়িত্বশীল পদে থেকে আইজিপির মুখে এই ধরনের মন্তব্য সেই আশার মূলে আঘাত হেনেছে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, বিচারবহির্ভূত হত্যা কোনোভাবেই আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যম হতে পারে না। এটি সংবিধান এবং প্রচলিত আইনের পরিপন্থী। দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে আদালতে সোপর্দ করা এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করাই একমাত্র পথ। বিচারবহির্ভূত যেকোনো পদক্ষেপের পক্ষে অবস্থান নেওয়া মানে আইনের শাসনের প্রতি প্রকাশ্য অবজ্ঞা প্রদর্শন করা।
এবি পার্টির পক্ষ থেকে অবিলম্বে পুলিশের মহাপরিদর্শকের এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় জনগণের অধিকার রক্ষায় গণতান্ত্রিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির শীর্ষ নেতারা।
আরববাংলা টিভি/ডেস্ক