রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, শাশুড়ি গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৭:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে আনা নাশতার পরিমাণ কম হওয়াকে কেন্দ্র করে পৈশাচিক নির্যাতনের শিকার হয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতুন নূর সিফাতের (২২) মর্মান্তিক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। টানা নয় দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত কয়েক দিন আগে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে গৃহবধূ সিফাতুন নূরের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। বাবার বাড়ি থেকে নিয়ে আসা নাশতার পরিমাণ কম হয়েছে—এমন আজব ও অমানবিক অজুহাতে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই নৃশংস নির্যাতনের ফলে তিন মাসের অন্তঃসত্ত্বা সিফাত মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ নয় দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান সিফাতুন নূর। ঘটনার পর পরই নিহতের পরিবার আইনগত পদক্ষেপ গ্রহণ করে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত শাশুড়িকে গ্রেপ্তার করেছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সুধী সমাজ ও মানবাধিকার কর্মীরা এ ধরনের পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD