জুমার খুতবায় ইমামদের মাদক ও সন্ত্রাসসহ সমাজের নানা অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখার অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, প্রতিটি এলাকায় ইমাম সমাজের একটি বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে এবং তাদের এই ওয়াজ ও নসিহতের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই সংশোধিত হওয়ার সুযোগ পাবে।
আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ধর্মমন্ত্রী বলেন, বর্তমান সময়ে নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় বক্তা ও ইমাম সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তরুণ সমাজকে রক্ষা করতে হলে মসজিদের মিম্বর থেকে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখা এবং সমাজ সংস্কারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ধর্মমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে দেশের আলেম সমাজ আরও জোরালো ভূমিকা রাখবে এবং দেশের বিভিন্ন এলাকার মসজিদগুলোতে জুমার বয়ানে সমাজবিরোধী অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি হবে।
আরববাংলা টিভি/ডেস্ক