শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ১৭ জন গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ

কুমিল্লায় জুমার খুতবার সময় আকস্মিক ঝটিকা মিছিল বের করার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও তৎপরতার মুখে এই ঝটিকা মিছিলটি পণ্ড হয়ে যায় এবং ঘটনাস্থল থেকেই মূল নেতৃত্বদানকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ বেশ কয়েকজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ঝটিকা মিছিলের নেতৃত্বদানকারী কাইয়ুম ছাড়াও মিছিলে সক্রিয়ভাবে অংশ নেওয়া আজিজুর রহমান নিরব, হাসিব ও জামিল ইসলাম রয়েছেন। শনিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশ জানিয়েছে, জুমার পবিত্র সময়কে বেছে নিয়ে শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। কিন্তু নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে সেই পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। কুমিল্লা শহর জুড়ে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD