মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নদী থেকে ইজারাকৃত বালু উত্তোলন সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। তবে প্রশাসনের এ নির্দেশনা উপক্ষো করে হরিরামপুরের পদ্মা নদীতে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে।
জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাইশ দিনের জন্য নদ-নদীতে ইলিশ শিকার বন্ধ রয়েছে। ইলশ রক্ষায় সরকারের এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গত ৭ অক্টোবর এক চিঠিতে নদী থেকে ইজারাকৃত বালু উত্তোলন ও বিপনন সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। তবে হরিরামপুরের পদ্মা নদীতে বালুমহালের ইজারাদার খান এন্টারপ্রাজের মালিক বিল্লাল খান প্রায় ৩২টি কাটার মেশিন দিয়ে নিয়মিত বালু উত্তোলন করছেন। এমন অভিযোগে গত ১৯ অক্টোবর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জেলার কয়েকজন জুলাইযোদ্ধা ও সাধারণ নাগরিক। অভিযোগে বলা হয়, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বালু উত্তোলন বন্ধ রাখার পর ও সরকারি নির্দেশ অবমাননা করে অবৈধভাবে পদ্মা নদীতে “খান এন্টারপ্রাইজ” ৩২টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেই চলেছে। সরকারি নির্দেশ ভঙ্গ করায়” খান এন্টারপ্রাইজ” এর কঠিন শাস্তি দাবী করছি।
অভিযোগকারীরা দাবি করেন এর আগেও জুলাইযোদ্ধারা খান এন্টারপ্রাইজের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অনেকবার অভিযোগ দিয়েছে। কিন্ত প্রশাসন কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এবার ব্যবস্থা না নিলে বিভাগীয় কমিশনার বরাবর অভিযোগ দেয়া হবে।
হরিরামপুরের সাবেক এক যুবদল নেতা জানান, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পদ্মায় নিয়মিত বালু উত্তোলন করা হচ্ছে। এমনকি ইজারাকৃত এলাকার বাইরে থেকেও বালু উত্তোলন করছে ইজারাদার বিল্লাল খান। কিছুদিন আগে ইজারাদার প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা এবং দুই জনকে ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এতকিছুর পরও থামছে না ইজারাদার বিল্লাল খান। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে ইজারাদার বিল্লাল খান জানান, ইজারাকৃত এলাকার বাইরে থেকে কখনও বালু উত্তোলন করা হয়নি। নিষেধাজ্ঞার সময়ে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করা হয়না। এসব অভিযোগের কোন ভিত্তি নেই। একটি চক্র আমাদের সুনাম ক্ষুন্ন করতেই অপতথ্য ছড়াচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছেন, আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলনের সুযোগ নেই। কেউ আইনের ব্যতয় করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আরববাংলাটিভি/বিজ্ঞপ্তি