সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় না দিয়ে বিরোধীদল কেবল বিরোধিতার খাতিরেই বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. কাজী মনিরুজ্জামান মনির। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে সকল রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে তিনি মনে করেন।
শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। কিন্তু একটি কুচক্রী মহল এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা সরকারের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে অপপ্রচার চালাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং দীর্ঘ মেয়াদী সংস্কার বাস্তবায়নে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। ডা. কাজী মনিরুজ্জামান মনির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদা কাজ করে আসছে। সুতরাং, অযৌক্তিক সমালোচনা না করে গঠনমূলক পরামর্শ দিয়ে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আরববাংলা টিভি/ডেস্ক