বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৮:৩২ পূর্বাহ্ণ

কোটি কোটি টাকার আধুনিক চিকিৎসাসামগ্রী এবং পর্যাপ্ত শয্যা থাকা সত্ত্বেও কেবল চিকিৎসক ও জনবলের তীব্র সংকটের কারণে অচল হয়ে পড়েছে কিশোরগঞ্জ জেলার সরকারি চিকিৎসাসেবা। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে রোগীরা অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে ছুটছেন। ফলে স্বাস্থ্য খাতের আধুনিক অবকাঠামো ও সক্ষমতা থাকার পরও সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বড় অংকের বাজেট বরাদ্দ করে আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামো প্রস্তুত করেছে। কিন্তু দীর্ঘ দিন ধরে চিকিৎসক, নার্স ও অন্যান্য পদের অর্ধেকের বেশি আসন শূন্য পড়ে রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকা বা পার্শ্ববর্তী জেলাগুলোতে রেফার করা ছাড়া কোনো উপায় থাকে না। অথচ এই হাসপাতালগুলোতে যদি পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া যেত, তবে সাধারণ মানুষ স্বল্প খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা পেত।

স্বাস্থ্য খাতের এই অচলাবস্থা নিরসনে অবিলম্বে শূন্য পদগুলোতে দক্ষ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা জানান, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই সংকট কাটিয়ে ওঠে কিশোরগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার গতিশীলতা ফিরিয়ে আনা হবে বলে আশা প্রকাশ করছেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD