যুগ্মসচিব পরিচয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অর্থাৎ মাউশিতে তদবির করতে এসে আলমগীর শিকদার নামে এক ব্যক্তি ধরা পড়েছেন। বুধবার দুপুরে আলমগীর শিকদার মাউশি কার্যালয়ে প্রবেশ করে নিজেকে সরকারের একজন যুগ্মসচিব হিসেবে পরিচয় দেন এবং বিভিন্ন বিষয়ে অবৈধ তদবির শুরু করেন। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার পরিচয় ভুয়া বলে নিশ্চিত হন কর্মকর্তারা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর অধিদপ্তরের পক্ষ থেকে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি কীভাবে দীর্ঘদিন ধরে এই প্রতারণার সাথে জড়িত ছিলেন এবং তার সাথে অন্য কোনো চক্র জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরববাংলা টিভি/ডেস্ক