শিক্ষার পরিবেশের উন্নয়ন, উচ্চশিক্ষার ব্যয় কমানো ও কর্মসংস্থানের দাবিতে আলবেনিয়ায় জেন-জিদের বিক্ষোভে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানী তিরানায় শিক্ষা মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে আন্দোলনকারী শিক্ষার্থীরা ইট ও কংক্রিটের টুকরা ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দেশটির তরুণ প্রজন্মের এই গণআন্দোলন এখন ইউরোপের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
গত কয়েকদিন ধরে আলবেনিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে পড়াশোনার মান বৃদ্ধি, টিউশন ফি কমানো এবং বেকারত্ব দূরীকরণে সরকারের কার্যকর পদক্ষেপ। বিক্ষোভকারীরা জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় উচ্চশিক্ষা অর্জন সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ बিভিন্ন পয়েন্টে জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের দাবি মেনে নেওয়া না হলে এই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়বে এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপজুড়ে তরুণদের এই ধরনের অসন্তোষ নীতিনির্ধারকদের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
আরববাংলা টিভি/ডেস্ক