যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের মার্বেল হিল এলাকায় গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তিকে গুলি করেছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার আইসিইর এক কর্মকর্তা। ওই সময় গাড়িতে পাঁচ বছরের একটি শিশুও ছিল। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় রাজনীতিক ও জননেতারা। ঘটনার পর থেকেই পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান হয় যে, কোনো উসকানি ছাড়াই অত্যন্ত হঠকারীভাবে ওই গাড়িতে গুলি চালানো হয়। গাড়ির ভেতরে থাকা শিশুটির নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। এ ধরনের অভিযান জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, অভিবাসন নীতির কড়াকড়ির নামে এ ধরনের বাড়াবাড়ি যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করেছে। বিশেষ করে সাধারণ নাগরিকদের জীবনের ঝুঁকি নিয়ে এমন অভিযান পরিচালনার কঠোর সমালোচনা চলছে সর্বত্র। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানানো হলেও জনমনে অসন্তোষ কমছে না।
আরববাংলা টিভি/ডেস্ক