ভোলার লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন রোডের ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যায় চালক। পরবর্তীতে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় টহল জোরদার করে। পরে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান থামানোর চেষ্টা করলে চালক গাড়িটি রাস্তার পাশে রেখে দ্রুত পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতর থেকে ২৭ ড্রাম সয়াবিন তেল উদ্ধার করা হয়। এসব তেলের প্রকৃত মালিক এবং পাচারের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে লালমোহন থানার পুলিশ জানিয়েছে, জব্দ করা কাভার্ড ভ্যান ও সয়াবিন তেলের ড্রাম বর্তমানে থানায় হেফাজতে রয়েছে। পলাতক চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষে একটি চক্র এমন কর্মকাণ্ড চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ প্রশাসন এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক