বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ভোলায় সাংবাদিকদের ওপর হামলা ও মামলার তীব্র প্রতিবাদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ

ভোলায় চ্যানেল ওয়ান-এর জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশুর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের এবং বিজয় টিভির প্রতিনিধি আশরাফুল আলম সজিবের ওপর নৃশংস হামলার ঘটনায় গভীর নিন্দা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিক সমাজ। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান এবং তাদের ওপর এই ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন পেশাদার সংবাদকর্মীরা।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, গত কয়েকদিন ধরে ভোলার স্থানীয় কিছু প্রভাবশালী মহলের দুর্নীতির সংবাদ সংগ্রহ করছিলেন ওই দুই সংবাদকর্মী। এর জেরে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালানো হয় এবং পরবর্তীতে হয়রানি করার উদ্দেশ্যে মামলা ঠুকে দেওয়া হয়। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সাংবাদিক নেতারা গণমাধ্যমকে জানান, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হলে সংবাদকর্মীদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্নভাবে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা চালাচ্ছে। দেশজুড়ে সাংবাদিকদের ওপর এ ধরনের দমনপীড়ন ও হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবিলম্বে মোকাম্মেল মিশুর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং আশরাফুল আলম সজিবের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করার জোর দাবি জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD