জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী সদস্যপদ সৃষ্টির তীব্র বিরোধিতা করেছে পাকিস্তানসহ ১২টি দেশ। এই দেশগুলো মূলত ইউনাটিং ফর কনসেনসাস জোটের অন্তর্ভুক্ত। জোটের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী সদস্য বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এর পরিবর্তে তারা নির্বাচিত সদস্যসংখ্যা বাড়ানোর ওপর জোর দিয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী সংস্কারের মাধ্যমে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতিষ্ঠানটিকে আরও বেশি গণতান্ত্রিক ও কার্যকর করার দাবি জানিয়েছে দেশগুলো।
আন্তর্জাতিক ভূরাজনীতিতে নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে দীর্ঘ দিন ধরেই বিতর্ক চলছে। বিভিন্ন দেশ নিজেদের প্রভাব বিস্তারের জন্য স্থায়ী সদস্যপদ লাভের চেষ্টা চালিয়ে গেলেও এই জোটটি শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। পাকিস্তানের পাশাপাশি এই জোটে থাকা অন্যান্য দেশগুলো মনে করে, স্থায়ী সদস্যপদ বাড়ানো হলে তা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে এবং অল্প কিছু দেশের হাতে অতিরিক্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখবে। এর ফলে সাধারণ ও উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ বিঘ্নিত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে।
জোটের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আরও বেশি প্রতিনিধিত্বশীল করতে হলে স্থায়ী নয় এমন সদস্যের সংখ্যা বৃদ্ধি করা উচিত। এতে করে বিশ্বমঞ্চে ছোট ও মাঝারি দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত হবে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা। আগামী দিনে জাতিসংঘ সংস্কারের প্রক্রিয়ায় এই অবস্থান কী ধরনের প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
আরববাংলা টিভি/ডেস্ক