প্রবাসীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত সেবা আরও দ্রুত, সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ পর্যন্ত ১৭টি দেশে অবস্থিত ২৭টি বাংলাদেশ মিশনের মাধ্যমে এই সেবা কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়ে আসছে। সরকারের নীতিনির্ধারক মহলের নির্দেশনায় প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, খুব শীঘ্রই বিশ্বের আরও ২৪টি দেশে এই জনবান্ধব সেবা সম্প্রসারিত করা হবে। ফলে সর্বমোট ৪১টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিজ বসত থেকেই অত্যন্ত সহজে এবং দ্রুততম সময়ে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংক্রান্ত সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবাসীদের ভোটধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় কার্যক্রমে তাদের সম্পৃক্ততা বাড়াতেই এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সরকারের এই প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী পদক্ষেপে প্রবাসীদের হয়রানি বহুলাংশে হ্রাস পাবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা আরও বেশি সম্মানিত বোধ করবেন। সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে এবং মিশনগুলোর কর্মকর্তাদের তৎপরতা জোরদার করার জন্য বলা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক