বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শিগগির শুরু হচ্ছে না। ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের ৩৮তম আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে বা আইজিআরএম বৈঠকে ট্রেন চলাচল কবে নাগাদ শুরু হতে পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।
বৈঠক সূত্রে জানা গেছে, উভয় দেশের রেলওয়ে খাতের নীতিনির্ধারক ও প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। সেখানে বর্তমান পরিস্থিতি এবং যাত্রী নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। তবে দুই দেশের পারস্পরিক সম্পর্কের নানা দিক এবং সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ট্রেন চালুর বিষয়টি ঝুলে রয়েছে। বিশেষ করে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক ও যাতায়াত ব্যবস্থায় নতুন সমীকরণ তৈরি হয়েছে।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সম্পাদিত বিভিন্ন চুক্তির পুনর্বমূল্যায়ন চলছে। এই পরিস্থিতিতে রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে উভয়পক্ষ আরও সময় নেওয়ার পক্ষে মত দিয়েছে। সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি ও যাতায়াতের নানা সমস্যার কথা বিবেচনা করা হলেও, সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগামী দিনে উভয় দেশের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে এই রুটের যাত্রীদের আরও কিছুদিন সড়ক বা আকাশপথের ওপর নির্ভর করতে হবে।
আরববাংলা টিভি/ডেস্ক