গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থক সাংবাদিকদের নিয়ে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ আত্মপ্রকাশ অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে এই নতুন সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং সাংবাদিকদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রত্যয় নিয়ে এই প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় অংশীজন ও সমর্থক সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের রুখে দিয়ে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় এই ইউনিটি অগ্রণী ভূমিকা পালন করবে। বিগত দিনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকদের একটি অংশ কীভাবে সত্যের গলা টিপে ধরেছিল এবং কিভাবে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ক্যাডার বাহিনী সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছিল, তার তীব্র নিন্দা জানানো হয় এই সভায়।
নবগঠিত এই সংগঠনের মাধ্যমে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়। বক্তারা আরও বলেন, অতীতে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে যেসব সাংবাদিক কলম ও ক্যামেরা হাতে লড়েছেন, তাদের সুরক্ষায় জুলাই জার্নালিস্ট ইউনিটি একটি শক্তিশালী দুর্গ হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে সংগঠনের একটি আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয় এবং খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
আরববাংলা টিভি/ডেস্ক