রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

নিখোঁজ শিশুদের সন্ধানে জোরালো রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ

আমার সন্তান কোথায় এই আকুল প্রশ্ন তুলে নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধান, তাদের নিরাপদ প্রত্যাবর্তন এবং দীর্ঘদিনের অমীমাংসিত ঘটনাগুলোর নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানিয়েছেন নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যরা। রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত আমার সন্তান কোথায় শীর্ষক এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে এই জোরালো দাবি উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গুম ও নিখোঁজের শিকার হওয়া শিশুদের পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। রাষ্ট্রীয়ভাবে এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ মহলের ছত্রছায়ায় এসব ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারগুলো।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের যে মহোৎসব চলেছে, নিখোঁজ শিশুদের সন্ধান না মেলা তার একটি নিকৃষ্টতম উদাহরণ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভুক্তভোগী পরিবারগুলো তাদের সন্তানদের ফিরে পেতে এবং দোষীদের কঠোর শাস্তির আওতায় আনতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জোর দাবি জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা জানান, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এত বিপুল সংখ্যক শিশু নিখোঁজ হতে পারে না।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট নাগরিক ও মানবাধিকারকর্মীরা বলেন, নিখোঁজ প্রতিটি শিশুর সন্ধান পাওয়া রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রতিটি ঘটনার সত্যতা উদঘাটন করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোকে পুনর্বাসন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD