ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নকাজে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমির মালিকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবলে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার বড়চর বাজারে স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বহু ব্যবসায়ী ও ভূমিমালিক তাদের জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং ক্ষতিগ্রস্ত ভূমিমালিকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, উন্নয়নের নামে সাধারণ মানুষকে পথে বসানো কোনোভাবেই কাম্য হতে পারে না। অবিলম্বে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সরকারের উচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক