বাংলাদেশের সীমান্ত ঘেঁষে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক অঞ্চলে নতুন একটি মহাসড়ক নির্মাণ করতে যাচ্ছে ভারত। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যোগাযোগের একমাত্র পথ এই সংকীর্ণ করিডোর। ভারতের জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো গণমাধ্যমকে জানান।
প্রধান ধমনীতুল্য জাতীয় সড়ক ২৭-এর সমান্তরালে এই অঞ্চলে ৩১ কিলোমিটার দীর্ঘ একটি চার লেনের মহাসড়ক তৈরি করা হবে। কৌশলগত এই অবকাঠামো নির্মাণের মূল উদ্দেশ্য হলো সামরিক এবং বেসামরিক উভয় ক্ষেত্রেই যাতায়াত আরও দ্রুত ও নিরাপদ করা। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব এবং নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় আসার পরই দিল্লি এই বড় প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে।
ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে সামরিক সরঞ্জাম এবং সৈন্য চলাচলের ক্ষেত্রে এই নতুন রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য যে, চিকেনস নেক করিডোরটি ভৌগোলিকভাবে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের কাছাকাছি অবস্থিত। ফলে এই অঞ্চলে ভারতের যেকোনো বড় ধরনের অবকাঠামো নির্মাণ প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক ও নিরাপত্তা মহলেও বিশেষ গুরুত্ব বহন করে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই মহাসড়ক চালুর মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার দীর্ঘদিনের একটি বড় সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে।
আরববাংলা টিভি/ডেস্ক