শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

মাদারীপুরে বোমা বিস্ফোরণে আহত ছয়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ

বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই উড়ে যায় একটি বাড়ির টিনের চালের অংশ। ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে স্থানীয়রা জানতে পারে, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় ঘটেছে বিস্ফোরণ। এতে অন্তত ছয় জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার গভীর রাতে এই আকস্মিক বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দ শোনার পর তারা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান এবং আহত অবস্থায় কয়েকজনকে দেখতে পান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে।

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানিয়েছে, আসন্ন রাজনৈতিক অস্থিরতা তৈরি এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ওই পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরকদ্রব্য সংগ্রহ করা হচ্ছিল। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের কিছু সক্রিয় সদস্য গোপনে এই এলাকায় নাশকতার ছক কষছিল। বোমা তৈরির কাজ চলাকালীন অসাবধানতাবশত এই বিস্ফোরণ ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। বোমা তৈরির সাথে জড়িত বাকিদের গ্রেফতারে এলাকায় সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। আহতদের পুলিশি পাহারায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD