চট্টগ্রাম নগরের খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অপরাধজগতের একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী এই সন্ত্রাসীকে ধরতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালালে স্থানীয় অপরাধ চক্র ও সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াকিল হোসেন বগার অবস্থান নিশ্চিত করে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা ওই এলাকায় ঘেরাও করেন। কিন্তু সুকৌশলে তৈরি করা একটি গোপন সুড়ঙ্গ ব্যবহার করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় শীর্ষ এই সন্ত্রাসী। বগার এই আস্তানায় সুড়ঙ্গ থাকার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে হতবাক করেছে, যা মূলত মাদক ব্যবসা ও অপরাধমূলক কার্যক্রমের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।
অভিযান চলাকালীন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও অতর্কিত হামলার ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা পদক্ষেপ নেয়। স্থানীয় অপরাধী চক্র এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু উচ্ছৃঙ্খল ক্যাডার এই হামলায় অংশ নিয়েছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পালিয়ে যাওয়া শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেফতারে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, অপরাধী যেই হোক না কেন, সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেলেও তাকে আইনের আওতায় আনা হবে এবং এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
আরববাংলা টিভি/ডেস্ক