পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জলের ধারা। চারপাশে গভীর বন, খাড়া পাহাড় আর পাথুরে পথ। কোথাও ঝিরির শব্দ, কোথাও নিস্তব্ধতার রাজত্ব। এমনই এক দুর্গম পাহাড়ি জনপদে লুকিয়ে আছে আলীকদম উপজেলার বুনো ঝর্ণা সাইংপ্রা।
বান্দরবানের আলীকদম উপজেলার পূর্ব দিগন্তে চিম্বুক রেঞ্জের কির্সতং পাহাড়ের কাছে এই ঝরনা অবস্থিত। প্রকৃতির টানে ছুটে চলা ভ্রমণপিপাসু মানুষের কাছে এই স্থানটি এক রহস্যময় ও রোমাঞ্চকর গন্তব্য হিসেবে পরিচিতি লাভ করছে দিন দিন। দুর্গম যাতায়াত ব্যবস্থা এবং চারপাশের বিপদসংকুল পথ পাড়ি দিয়ে এখানে পৌঁছানো সাহসিকতার কাজ বটে।
স্থানীয় গণমাধ্যমকে জানান ভ্রমণ নির্দেশকরা, সঠিক পরিকল্পনা এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে এই ঝরনার দিকে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাহাড়ি ঢল এবং আকস্মিক বৃষ্টির কারণে এখানকার ঝিরিপথগুলো অনেক সময় ভয়ংকর রূপ ধারণ করে। তবুও রোমাঞ্চপ্রেমী পর্যটকদের ভিড় কমছে না এই বুনো ঝরনা দেখার আকর্ষণে।
প্রকৃতির এই অপরূপ সৃষ্টি রক্ষা এবং পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহল থেকে বিভিন্ন সময় নানা উদ্যোগের কথা জানানো হয়েছে। পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে কীভাবে পর্যটন বিকাশ করা যায়, তা নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে নিয়মিত।
আরববাংলা টিভি/ডেস্ক