শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

নির্বাচন অফিসে সেবা নিতে গিয়ে প্রবাসীর ওপর কর্মকর্তার হামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ

জাতীয় পরিচয়পত্রের সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার গুরুতর অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের বিরুদ্ধে। পর্তুগাল থেকে দেশে ফিরে এনআইডি সংক্রান্ত জরুরি সমস্যা সমাধানের জন্য সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়েছিলেন ওই প্রবাসী ভুক্তভোগী। সেখানে সেবা পাওয়ার বদলে নির্বাচন কর্মকর্তার শারীরিক লাঞ্ছনার শিকার হন তিনি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও প্রবাসীরা।

ভুক্তভোগী প্রবাসী গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় পরিচয়পত্রের নানা জটিলতা নিরসনের জন্য তিনি নির্ধারিত নিয়ম মেনে নির্বাচন অফিসে যোগাযোগ করেছিলেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দীন কোনো ধরনের সহযোগিতা তো দূরে থাক, উল্টো তাঁর সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ করেন। একপর্যায়ে বাকবিতণ্ডার জেরে ওই কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে প্রবাসীকে চড় মারেন। সরকারি দপ্তরে প্রবাসীদের এমন হয়রানি ও হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এদিকে এই ঘটনার পর সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সরকারি বিভিন্ন সেবা পেতে তাদের প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়। নির্বাচন কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তার এমন ন্যাক্কারজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তারা অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD