মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

ডিএনসিসির কাউন্সিলর শফিকের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ৭:১৪ পূর্বাহ্ণ

আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলামের (শফিক) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ মার্চ দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে কাউন্সিলর শফিকুল ইসলাম নিজ নামে ১১ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার ৬৭৭ টাকার সম্পদের মধ্যে ১১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া ২ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৯৯০ টাকার অবৈধ সম্পদেরও প্রমাণ মিলেছে তার।

আসামি মো. শফিকুল ইসলাম নিজ নামে ২৯টি দলিলের মাধ্যমে মোট ৪ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার ১০৪ টাকার স্থাবর সম্পদ ও বিভিন্ন ব্যাংক হিসাবে ৭ কোটি ২৬ লাখ ৬০ হাজার ৫৭৩ টাকার অস্থাবর সম্পদ বিবরণ দিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে সেখানে ৭ লাখ ৪৯ হাজার ৬৪৫ টাকার স্থাবর সম্পদ ও ৩ লাখ ৬৩ হাজার ১০৫ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন বলে প্রমাণ পাওয়া যায়।

অন্যদিকে অনুসন্ধানে ব্যয় বাদ দিয়ে তার নিট সম্পদের পরিমাণ পাওয়া যায় ১০ কোটি ৯১ লাখ ৩২ হাজার ৭৭১ টাকা। যার মধ্যে ২ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৯৯০ টাকার সম্পদ অর্জনের বিপরীতে তিনি বৈধ আয়ের উৎস প্রদর্শন করতে পারেননি; যা তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ বলে প্রমাণ পাওয়া গেছে। যে কারণে মামলায় দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD