বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

হাইকোর্টের আদেশের কথা বলে স্বপদে ফিরছেন ফ্যাসিস্ট দোসররা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ

আইনগত নানা ফাঁকফোকর এবং উচ্চ আদালতের আদেশের দোহাই দিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে গোপনে পুনর্বাসিত হচ্ছেন ফ্যাসিস্ট সরকারের দোসররা। এর অংশ হিসেবে হরিরামপুর উপজেলার ফ্যাসিস্ট সরকারের আমলে বিতর্কিত নির্বাচনে দায়িত্বে আসা আওয়ামী লীগ সমর্থিত ছয় ইউপি চেয়ারম্যান পুনরায় তাদের স্ব স্ব পদে বহাল হয়েছেন। পলাতক ও বিতর্কিত এই ব্যক্তিদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্যানেল চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনগণের তীব্র ক্ষোভের মুখে পড়েছিলেন আওয়ামী লীগের দোসররা। অনেকেই তখন পালিয়ে বেড়াচ্ছিলেন কিংবা আত্মগোপনে ছিলেন। কিন্তু সম্প্রতি আইনি মারপ্যাঁচ ও আদালতের বিভিন্ন আদেশের ভুল ব্যাখ্যা দিয়ে তারা একে একে বহাল তবিয়তে নিজ নিজ দপ্তরে ফিরতে শুরু করেছেন। এ ঘটনায় স্থানীয় সাধারণ জনগণ ও রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা গণমাধ্যমকে জানান, জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, সেখানে ফ্যাসিস্ট আমলের দুর্নীতিবাজ ও দোসরদের এভাবে পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ না করলে স্থানীয় পর্যায়ে বড় ধরনের অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD