গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্যালয়ে বসে প্রধান শিক্ষক ননী গোপাল সরকারের ধূমপানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্থানীয় মহলে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই ঘটনায় শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহলের মাঝে।
বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষকতার মতো একটি পবিত্র পেশার দায়িত্বে থেকে নিজ কার্যালয়ে বসে প্রকাশ্যে সিগারেট সেবন করার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ কোমলমতি শিক্ষার্থীদের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলছে এবং এর মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এই ঘটনার প্রতিকার চেয়ে এবং বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তর বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে বলে জানা গেছে। অতি দ্রুত এই ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক