হয়রানির প্রতিবাদে সারাদেশে দুই দিন সব গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। আগামী বৃহস্পতি ও শুক্রবার অর্থাৎ ১৫ ও ১৬ অক্টোবর দেশব্যাপী এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে প্রশাসনের অযথা হয়রানি ও নানামুখী জটিলতার শিকার হচ্ছেন তারা। এর তীব্র প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই দুই দিন দেশের কোথাও কোনো খুচরা ও পাইকারি এলপিজি সিলিন্ডার বিক্রি করা হবে না বলে জানিয়েছে সংগঠনটি। সাধারণ মানুষকে এই সময়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বলেন, ব্যবসা পরিচালনা করতে গিয়ে তারা পদে পদে বাধা ও আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন। অথচ জ্বালানির মতো একটি জরুরি খাতের সাথে জড়িত ব্যবসায়ীদের নিরাপত্তা ও সহজ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অবিলম্বে এই হয়রানি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক