সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি পাইপলাইনে ড্রোন হামলার পর ইউরোপে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে দেশটি। হামলায় লোহিত সাগরমুখী ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেপ্টেম্বর মাসে ইউরোপের জন্য নির্ধারিত কয়েকটি অপরিশোধিত তেলের চালান বাতিল করেছে সৌদি আরব। একই সঙ্গে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের ক্রেতারা বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানির সন্ধান শুরু করেছেন। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিকল্প উৎসের সন্ধান না করলে এই জ্বালানি সংকট আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক বাজারে।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইউরোপীয় ক্রেতারা এখন উত্তর আফ্রিকা এবং আমেরিকার বাজারের দিকে নজর দিচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি/ডেস্ক