সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে পাকিস্তান সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী আরও বলেন, দীর্ঘকাল ধরে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে অত্যন্ত ঘনিষ্ট এবং ভ্রাতৃত্বপূর্ণ সামরিক সম্পর্ক বজায় রয়েছে। যেকোনো বিপদে বা আঞ্চলিক সংকটে পাকিস্তান সবসময় সৌদি আরবের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও যেকোনো মূল সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী পিছপা হবে না।
এই দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস এবং যৌথ প্রতিরক্ষা সহযোগিতা। অতীতেও পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা সৌদি আরবের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এই সামরিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার ওপর জোর দিচ্ছে উভয় দেশ।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পাকিস্তান ও সৌদি আরবের এই সামরিক ঐক্য আঞ্চলিক রাজনীতিতে একটি শক্ত বার্তা দিচ্ছে। বিশেষ করে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশল জোরদার করার ক্ষেত্রে পাকিস্তানের এই প্রতিশ্রুতি সৌদি আরবকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।
আরববাংলা টিভি/ডেস্ক