বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সিরিজের নিশ্চিতের ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ২৬৫ রান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৩:২১ pm

ব্যাট হাতে শুরুর গল্পে পুরোনো ব্যর্থতার প্রতিচ্ছবি। রানের খাতা খোলার আগে বিদায় নেন সাইফ হাসান। দ্রুতই সাজঘরের পথ ধরেন অন্য ওপেনার তানজিদ হাসান তামিম। আরেকটি ব্যাটিং ব্যর্থতার দেখার প্রস্তুতি হয়তো নিচ্ছিলেন সাগরিকার দর্শকরা। সেটি হতে দেননি নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুই পরীক্ষিত সৈনিকের ব্যাটে চড়ে লড়াইয়ের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ।

অলিখিত ফাইনালে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২৬৫ রান।

ব্যাটিংয়ে নেমে চোখে যেন সর্ষেফুল দেখলেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট বিলিয়ে দিলেন সাইফ। উইল ও’রোর্কের ডেলিভারিতে উইকটের পেছনে টম লাথামকে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ। স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই উইকেট নেই।

তৃতীয় ওভারে আবার রোর্কের আঘাত। ৫ বলে ১ রান করে বোল্ড হলেন তামিম। ৯ রানে ঘটে দ্বিতীয় উইকেটের পতন। হাল ধরতে চেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু, নবম ওভারে ও’রোর্কের বলে বোল্ড হয়ে ফেরেন। ফেরার আগে ২৬ বলে ১৮ রান করেন তিনি।

চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন লিটন আর শান্ত। ৩৩তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে ওয়ানডেতে নিজের ১৩তম ফিফটি তুলে নেন লিটন। ২০২৩ বিশ্বকাপের পর এই প্রথম ওয়ানডেতে হাফসেঞ্চুরি পেলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। ৩৯তম ওভারে প্রথম বলে জেডেন লেনক্সের বলে বোল্ড হয়ে ফেরার আগে লিটনের ব্যাট থেকে আসে ৯১ বলে ৭৬ রান।

লিটন চলে যাওয়ার পর বেশিক্ষণ স্থায়ী হয়নি শান্তর ইনিংসও। ম্যাচের ৪১তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পান শান্ত। বিদায় নেন ৪৩তম ওভারে। ১১৯ বলে ৯টি চার ও ২টি ১০৫ রানের ঝলমলে ইনিংস উপহার দেন শান্ত। তাকে ফেরান লেনক্স।

দ্রুত রান তোলার প্রয়াসে খেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে, ১৮ বলে ২২ রানে থামে তার ইনিংস। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়ের ২৯ বলে অপরাজিত ৩৩ রানে ভর দিয়ে লড়াকু পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের পক্ষে রোর্ক তিনটি এবং লেনক্স ও লিস্টার দুটি করে উইকেট নেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD