চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় সাঙ্গু নদীর ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বেড়িবাঁধ। বর্ষা মৌসুমে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদীতে সৃষ্ট তীব্র স্রোতে ভেঙে গেছে বাঁধের বিভিন্ন অংশ। এতে বসতঘর, কবরস্থান, মসজিদ, গ্রামীণ সড়ক ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর ভাঙন রোধে স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় প্রতি বছরই বর্ষাকালে এই অঞ্চলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। চৌধুরীপাড়ার বাসিন্দারা চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। নদীর পানি বাড়লেই ঘরবাড়ি হারানোর ভয়ে রাতে ঘুমাতে পারেন না তারা। দ্রুত জিও ব্যাগ ডাম্পিং এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হলে পুরো এলাকা মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা গণমাধ্যমকে জানান, বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও কেবল আশ্বাসের বাণীই মেলানো হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। অবিলম্বে এই জনপদের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের উধ্বর্তন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক