প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে আজ সোমবারও রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। আজ বেলা ১১টার দিকে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা তাঁদের ন্যায্য অধিকার ও কর্মসংস্থানের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা রাজপথে নেমেছেন এবং তাঁদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বিক্ষোভকারীরা আরও উল্লেখ করেন যে, উচ্চশিক্ষা অর্জন করার পরও শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধকতার কারণে তাঁরা গ্লানি এবং অবহেলার শিকার হচ্ছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরে বারবার আবেদন করেও কোনো সুরাহা মিলছে না। এমতাবস্থায় তাঁরা সরকারের উচ্চপর্যায়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন। আন্দোলনরত গ্র্যাজুয়েটদের দাবি, দেশের মূলধারার উন্নয়নের সাথে প্রতিবন্ধী যুবসমাজকে যুক্ত করতে হলে বিশেষ কোটা বা নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় এই আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে মোড় নেবে বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
আরববাংলা টিভি/ডেস্ক