ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নে যুবসমাজকে মাদকের ছোবল, জুয়া ও অপসংস্কৃতির প্রভাব থেকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে ধামর এলাকার সচেতন যুবসমাজ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও তরুণরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন এবং যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্ম মাদকের ভয়াল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। স্থানীয় কিছু অসাধু চক্রের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। কুশমাইল ইউনিয়নসহ আশপাশের এলাকায় জুয়া এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় অভিভাবকরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। অবিলম্বে এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও যুবসমাজ প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা উল্লেখ করেন, যুবসমাজকে সঠিক পথে পরিচালনা করতে না পারলে ভবিষ্যতে দেশ ও জাতির বড় ক্ষতি হয়ে যাবে। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে অপরাধীরা পার পেয়ে যেত এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অঙ্গসংগঠনের মদদে এসব অপকর্ম চলত বলে অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং জুয়াড়িদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। স্থানীয় প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক