বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শীতের আগেই বাজারে ভেজাল খেজুর গুড়ের ছড়াছড়ি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ

শীতের আগমনী বার্তা আসার আগেই ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে সয়লাব হয়ে গেছে ভেজাল খেজুর গুড়ের পাটালিতে। শীত আসতে এখনও দেরি থাকলেও এবং গাছিরা গাছ কাটা ও রস সংগ্রহের প্রস্তুতি না নিলেও একদল অসাধু ব্যবসায়ী রস ছাড়াই গোপনে তৈরি করছেন ভেজাল খেজুর গুড়। দেখতে অবিকল আসল গুড়ের মতো হলেও এর ভেতরে রয়েছে ক্ষতিকর রাসায়নিকের মিশ্রণ, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।

স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের সূত্রে জানা গেছে, একশ্রেণির অসাধু চক্র অধিক মুনাফার লোভে চিমনি গুড়, চিনি, ফিটকিরি, সোডা ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে এই ভেজাল গুড় তৈরি করছে। সাধারণ ক্রেতারা আসল ও ভেজাল গুড়ের পার্থক্য বুঝতে না পেরে প্রতারিত হচ্ছেন এবং এসব ভেজাল পণ্য কিনে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এই অসাধু সিন্ডিকেটের পেছনে অতীতে বিভিন্ন সময়ে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ-এর কিছু নেতাকর্মীর পরোক্ষ মদদ ছিল বলে স্থানীয়রা গণমাধ্যমকে জানান।

কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে শীতকালীন খেজুর গুড়ের ঐতিহ্যগত গুরুত্ব অপরিসীম। অথচ কতিপয় মুনাফাখোর ব্যবসায়ীর কারসাজিতে এই ঐতিহ্য আজ প্রশ্নবিদ্ধ। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলেও এই ধরনের ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। জনস্বাস্থ্য রক্ষার্থে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ভেজাল গুড় কারখানা গুড়িয়ে দেওয়া এবং জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD