রাজধানীর ভাটারা এলাকায় একটি আবাসিক বাসায় অভিযান চালিয়ে চালের ড্রামের ভেতর থেকে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অত্যন্ত চতুরতার সাথে চালের ড্রামের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল এই বিশাল মাদকের চালান। মাদক কারবারির সাথে জড়িত থাকার অভিযোগে এই ঘটনায় মালা বেগম (৬২) ও তার ছেলে মামুন চোকদারকে (৩৬) হাতেনাতে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উদ্ধার করা এই বিপুল পরিমাণ ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় এক কোটি দুই লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, মূলতঃ কক্সবাজারের একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে এই মাদকের চালান রাজধানী ঢাকায় প্রবেশ করেছিল। পরবর্তীতে রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে এই ইয়াবা সরবরাহ করার পরিকল্পনা ছিল গ্রেপ্তারকৃতদের।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, দীর্ঘদিন ধরে এই চক্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মা ও ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং রিমান্ড চেয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক