শরণার্থী, অভিবাসী ও সংশ্লিষ্ট বিভিন্ন সেবার জন্য কংগ্রেসের অনুমোদিত ৮১০ মিলিয়ন ডলারের তহবিল বাতিলের উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় অর্থাৎ ওএমবি এ তথ্য জানিয়েছে। শরণার্থী পুনর্বাসন এবং অভিবাসীদের সহায়তার জন্য বিগত দিনে বরাদ্দকৃত এই বিশাল অঙ্কের বাজেট হ্রাসের ফলে বিশ্বজুড়ে মানবিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
গত শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ট্রাম্প প্রশাসন এই তহবিল বাতিলের প্রস্তাব উপস্থাপন করে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপে অভিবাসী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এই তহবিল বাতিলের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে আসা অসহায় মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে।
বিশ্লেষকদের মতে, মার্কিন রাজনীতিতে অভিবাসন একটি অত্যন্ত সংবেদনশীল এবং দীর্ঘমেয়াদি ইস্যু। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই কঠোর অভিবাসন নীতির ওপর জোর দিয়ে আসছে। এই নতুন বাজেট কাটছাঁটের সিদ্ধান্ত তারই একটি অংশ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের গবেষকরা। তবে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া এই তহবিল পুরোপুরি বাতিল করা সম্ভব হবে কি না, তা নিয়ে আইনি ও রাজনৈতিক মহলে নানামুখী আলোচনা চলছে।
আরববাংলা টিভি/ডেস্ক