বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ধসে এলাকা প্লাবিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১৩ পূর্বাহ্ণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধে হঠাৎ ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গতকাল সোমবার ভোররাতে ভাঙনের সূত্রপাত হয়ে সকাল ৭টায় তা ভয়াবহ রূপ ধারণ করেছে। মুহূর্তেই কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে বেড়িবাঁধের একটি বড় অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই আকস্মিক ভাঙনের ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নদীর জোয়ারের পানির প্রবল চাপে বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। গতকাল ভোরে হটাৎ করে বিকট শব্দে বাঁধের একটি অংশ ধসে যায় এবং মুহূর্তের মধ্যে আশপাশের লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, মৎস্যঘের এবং ফসলি জমি। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অতীতে নানা সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় প্রশাসনের গাফিলতির কারণে উপকূলীয় এলাকার এই বাঁধগুলো স্থায়ীভাবে সংস্কার করা হয়নি বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। বিশেষ করে দীর্ঘদিন ধরে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রতাপনগর ইউনিয়নের মানুষ প্রতি বছরই এমন প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছেন।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের জন্য জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলার কাজ শুরু হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে জোয়ারের পানির তীব্রতা বেশি থাকায় মেরামত কাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, শুধু সাময়িক সংস্কার নয়, উপকূলীয় অঞ্চলের মানুষের সুরক্ষায় দীর্ঘমেয়াদী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ অঞ্চলে উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। বর্তমান পরিস্থিতিতে দ্রুত ত্রাণ সহায়তা এবং পানিবন্দী মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD