ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জনপদে যুবসমাজকে খেলাধুলা ও সৎ সংঘের সাথে সম্পৃক্ত রাখার দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি এক মিলনমেলায় রূপ নেয়।
সভা শেষে দীর্ঘ আলোচনা ও সর্বসম্মতিক্রমে ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের যুব ও ক্রীড়া বিভাগের কমিটি পুনর্গঠন করা হয়। এর মধ্য দিয়ে চরভূতা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যুব বিভাগের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই উদ্যোগের ফলে এলাকার যুবসমাজ মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শরীরচর্চা ও খেলাধুলায় আরও বেশি মনোনিবেশ করতে পারবে।
নবগঠিত কমিটিগুলো আগামী দিনে এলাকার যুব সমাজের উন্নয়নে এবং ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় নেতৃবৃন্দ। গ্রামীণ পর্যায়ে নেতৃত্ব তৈরি এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উদ্যোগের কোনো বিকল্প নেই বলে জানান তারা।
আরববাংলা টিভি/ডেস্ক