প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা রক্ষা এবং দেশের উন্নয়নে তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্যে সম্প্রতি গঠিত সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ এসপিওবিপির প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি অভিজাত মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরে জোরালো বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্সের ভূমিকা অনস্বীকার্য হলেও তারা দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং প্রবাসীদের জন্য রেশনের ব্যবস্থাসহ মোট ১১ দফা দাবি ঘোষণা করা হয় এই সভা থেকে। নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের নায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের নায্য অধিকার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা করা হবে। পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত সকল প্রবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত প্রবাসী বিশিষ্টজনরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন।
আরববাংলা টিভি