রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি খাইরুল আমিন ওরফে বলি আমিনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। দীর্ঘ দিন ধরে পলাতক থাকার পর গত শনিবার দিবাগত রাতে কক্সবাজার বিমান বন্দর এলাকা থেকে তাকে সফল অভিযের মাধ্যমে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খাইরুল আমিন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, গত ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্পে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে নিহত হন শীর্ষ রোহিঙ্গা নেতা ও মানবাধিকারকর্মী মাস্টার মুহিব উল্লাহ। ওই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় এবং আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
হত্যাকাণ্ডের পর নিহতের পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের পাশাপাশি খাইরুল আমিনের সম্পৃক্ততার প্রমাণ পান। ঘটনার পর থেকেই তিনি ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে জানিয়েছে এসআরবি-১৫।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫ এর একটি বিশেষ টিম শনিবার রাতে কক্সবাজার বিমান বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হবে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে। এই গ্রেপ্তারের মাধ্যমে মুহিব উল্লাহ হত্যা মামলার বিচার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরববাংলা টিভি