বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

রাজশাহী বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থী বিএনপির পুতুল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থী হিসেবে নিজের শক্ত অবস্থান জানান দিলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। 

নাটোর-১ (লালপুর-বাগাতিপড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে প্রায় দেড় যুগ পর তার প্রয়াত বাবার হারানো আসনটি পুনরুদ্ধার করলেন তিনি।
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় নাটোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনি ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু (কলস প্রতীক) ৭৩ হাজার ১৭৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

ব্যারিস্টার পুতুল নাটোরের অবিসংবাদিত নেতা ও বিএনপির সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যা। ফজলুর রহমান পটল এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি হাতছাড়া হয় এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ দেড় যুগ এই আসনে বিএনপির কোনো প্রতিনিধিত্ব ছিল না। বাবার মৃত্যুর পর বাবার সেই রাজনৈতিক দুর্গে আবারও ধানের শীষের বিজয় নিশান ওড়ালেন মেয়ে।

এদিকে, এবারের নির্বাচনে নাটোর জেলায় অভাবনীয় সাফল্য পেয়েছে বিএনপি। জেলার ৪টি সংসদীয় আসনের সবকটিতেই জয়লাভ করেছে দলটি। নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল ছাড়াও নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ আসনে আব্দুল আজিজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD