যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ব্রিটিশ জনপ্রিয় সংগীতশিল্পী এড শিরানের কনসার্টস্থলের বাইরে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন ফিলিস্তিনপন্থি কর্মীরা। গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে ফ্রি প্যালেস্টাইন বার্তার কারণে খ্যাতনামা র্যাপার ম্যাকলমোরকে এই কনসার্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মূলত এই আন্দোলন গড়ে ওঠে। আন্তর্জাতিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে আয়োজকরা জানান, কনসার্ট ভেন্যুর বাইরে শত শত মানুষ জড় হয়ে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আয়োজক কর্তৃপক্ষের পক্ষপাতমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।
বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনি পতাকা এবং ফিলিস্তিনের সাধারণ মানুষের অধিকারের পক্ষে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। তারা অবিলম্বে ফিলিস্তিনের ওপর চলমান নিপীড়ন বন্ধের দাবি জানান এবং সংস্কৃতির নামে বাকস্বাধীনতা খর্ব করার প্রচেষ্টার তীব্র প্রতিবাদ করেন। এই বিক্ষোভের ফলে কনসার্টস্থলের আশপাশের এলাকায় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা অবলম্বন করে। সাম্প্রতিক সময়ে গাজা সংকটকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ এবং এর বিরোধিতার নানা ঘটনা ঘটে চলেছে।
আরববাংলা টিভি/ডেস্ক