আন্তর্জাতিক অপরাধে দণ্ডিত ব্যক্তিদের মহিমান্বিত করা হলে ভুক্তভোগী ও বেঁচে থাকা ব্যক্তিরা আরও ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। চলতি মাসের শুরুতে বেলগ্রেডে বসনিয়ান সার্ব যুদ্ধাপরাধী এবং বসনিয়ার কসাই হিসেবে খ্যাত রাতকো ম্লাদিচের যে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে, সেটিকে কেন্দ্র করে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তিদের এ ধরনের সম্মান প্রদর্শন বা তাদের স্মরণে কোনো অনুষ্ঠান করা কখনোই গ্রহণযোগ্য নয়। এটি কেবল বিচার প্রক্রিয়ার অবমূল্যায়নই করে না, বরং অতীতে ঘটে যাওয়া নৃশংসতার শিকার হওয়া মানুষগুলোর মানসিক আঘাতকে আরও গভীর করে তোলে।
উল্লেখ্য যে, বলকান অঞ্চলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে এ ধরণের ঘটনাগুলো বড় ধরণের বাধা সৃষ্টি করতে পারে বলে আন্তর্জাতিক মহল মনে করছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে অতীতের সব ধরনের উগ্র জাতীয়তাবাদী ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
আরববাংলা টিভি/ডেস্ক