ইতালির মিলানে ‘ইতালিয়া ইন পিয়াজ্জা’ বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে শহরের কেন্দ্রস্থল। পিয়াজ্জা দুওমো, ভিয়া ব্রোলেত্তো ও কর্দুসিও এলাকায় পাথর, বোতল এবং নানা বস্তু নিক্ষেপ করে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল ব্যবহার করে, যার ফলে বেশ কয়েকজন বিক্ষোভকারী এবং পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষ চলাকালীন মিলানের প্রধান বাণিজ্যিক ও ঐতিহাসিক কেন্দ্রগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করে এবং যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। স্থানীয় গণমাধ্যমকে জানান যে, এই আকস্মিক সহিংসতায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জনশৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। মূলত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দাবির প্রেক্ষাপটে আয়োজিত এই সমাবেশে উগ্রপন্থী কিছু গোষ্ঠীর অংশগ্রহণের কারণে পরিস্থিতি সহিংস রূপ নেয় বলে গোয়েন্দা সূত্রগুলো ধারণা করছে। ইতালীয় প্রশাসন মিলানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলনকারীদের একটি পক্ষ দাবি করেছে যে তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ অযথা শক্তি প্রয়োগ করেছে, অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে জননিরাপত্তা রক্ষা এবং সরকারি সম্পত্তি সুরক্ষার স্বার্থেই এই কঠোর পদক্ষেপ নেওয়া অপরিহার্য ছিল। মিলানের এই ঘটনা ইউরোপের অন্যান্য শহরেও অভিবাসন ও অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আরববাংলা টিভি/ডেস্ক